বর্তমান ডিজিটাল যুগে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। এক সময় সামান্য ১০ বা ২০ টাকায় কাজ চললেও, এখন নূন্যতম রিচার্জের অঙ্ক আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে যদি অসাবধানতাবশত ভুল নম্বরে রিচার্জ হয়ে যায়, তবে মধ্যবিত্তের পকেটে বড়সড় টান পড়ে। এতদিন ভুল রিচার্জ মানেই ছিল টাকার অপচয়, কিন্তু এবার গ্রাহকদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে বড়সড় পদক্ষেপ নিল রিলায়েন্স জিও (Reliance Jio)।
সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে ভুল নম্বরে রিচার্জ হয়ে গেলে সেই টাকা রিফান্ড বা ফেরত পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। তবে এই প্রক্রিয়ার কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী রয়েছে। জিও জানিয়েছে, রিফান্ড পাওয়ার এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র মাইজিও (MyJio) অ্যাপ বা সংস্থার নিজস্ব অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে রিচার্জ করলেই পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেটিএম (Paytm), ফোনপে (PhonePe) বা গুগল পে (Google Pay)-এর মতো থার্ড পার্টি অ্যাপ থেকে ভুল রিচার্জ করলে রিফান্ডের কোনো সুযোগ থাকবে না।
কীভাবে পাবেন রিফান্ড? জেনে নিন সহজ পদ্ধতি:
ভুল নম্বরে রিচার্জ হয়ে গেলে আতঙ্কিত না হয়ে শান্ত মাথায় নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
১. প্রথমেই আপনার ফোনে থাকা ‘মাইজিয়ো’ (MyJio) অ্যাপটি খুলুন এবং নিজের নম্বর দিয়ে লগ-ইন করুন।
২. অ্যাপের মেনু থেকে ‘ট্রানজাকশন হিস্ট্রি’ (Transaction History) সেকশনে যান। সেখানে আপনার করা সাম্প্রতিক ভুল রিচার্জটি সিলেক্ট করুন।
৩. সেখানে আপনি ‘ক্যানসেল প্ল্যান’ (Cancel Plan) নামক একটি অপশন দেখতে পাবেন। এটি মূলত সীমিত সময়ের জন্য সক্রিয় থাকে।
৪. রিচার্জ ক্যানসেল করার নির্দিষ্ট কারণ নির্বাচন করুন এবং রিফান্ড রিকোয়েস্ট সাবমিট করুন।
রিলায়েন্স জিও স্পষ্টভাবে জানিয়েছে যে, রিফান্ডের আবেদনটি ভুল রিচার্জ করার সর্বোচ্চ ৩ ঘণ্টার মধ্যে করতে হবে। তিন ঘণ্টা অতিবাহিত হয়ে গেলে কোনোভাবেই আর আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের পর জিও কর্তৃপক্ষ বিষয়টি যাচাই (Verify) করবে এবং সব তথ্য সঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাহকের টাকা রিফান্ড করে দেওয়া হবে। জিও-র এই নতুন পদক্ষেপে স্বস্তিতে কোটি কোটি গ্রাহক।





