ভিসা আবেদনকারীদের জন্য বড় ধাক্কা! আমেরিকা যাওয়ার পথ আরও কঠিন

মার্কিন যুক্তরাষ্ট্র নন-ইমিগ্র্যান্ট ভিসা (NIV) সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে আবেদনকারীদের অবশ্যই তাদের নিজের দেশ বা আইনিভাবে বসবাসকারী দেশেই ভিসার ইন্টারভিউ দিতে হবে। এর ফলে এতদিন পর্যন্ত তৃতীয় কোনো দেশে গিয়ে দ্রুত ইন্টারভিউ দেওয়ার যে সুযোগ ছিল, তা পুরোপুরি বন্ধ হয়ে গেল।

এই নতুন নিয়ম ভারতীয়দের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এতদিন জরুরি প্রয়োজন, ব্যবসায়িক সফর, বা পর্যটন ভিসার জন্য অনেক ভারতীয় দুবাই, ব্যাংকক, বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে অপেক্ষাকৃত দ্রুত ইন্টারভিউয়ের তারিখ পেতেন। এখন সেই সুযোগ আর রইল না। কোভিড-১৯ মহামারীর সময় ভারতে ভিসার অপেক্ষার সময়সীমা তিন বছর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তখন তৃতীয় দেশে ইন্টারভিউয়ের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতিতে সেই সুবিধা বাতিল করা হয়েছে।

ভিসা বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন শুধু পর্যটকদের নয়, ব্যবসায়ী, গবেষক, ছাত্রছাত্রী, এবং এমনকি মার্কিন নাগরিকদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলা ব্যক্তিদেরও ভিসা প্রাপ্তির পরিকল্পনাকে জটিল করে তুলবে। গ্নানামূকান সেন্টুরজোতি, যিনি The Visa Code-এর প্রতিষ্ঠাতা, তিনি জানান, যারা ইতিমধ্যে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে শিক্ষার্থী (F-1), পর্যটক (B1/B2) বা কর্মসংস্থান ভিসার নবীকরণের জন্য আবেদন করেছেন, তাদের নতুন নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, এখন থেকে মার্কিন সফরের পরিকল্পনা অনেক আগে থেকেই করতে হবে। ভিসা পেতে দীর্ঘ অপেক্ষার সময় এবং জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া মাথায় রেখে ভ্রমণসূচি সাজাতে হবে, নয়তো ভিসা সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। এর ফলে অনেক ভারতীয় ভ্রমণকারীকে তাদের সফরের পরিকল্পনা পরিবর্তন করতে হবে বা বিকল্প গন্তব্য বেছে নিতে হবে। কূটনৈতিক মহলের ধারণা, এটি ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতিরই একটি অংশ।