ভিন রাজ্যে ফের বাঙালি পরিযায়ী শ্রমিক খুন! চোর সন্দেহে কুপিয়ে হত্যা, শোকে আচ্ছন্ন পরিবার

ভিন রাজ্যে গিয়ে ফের নিগ্রহের শিকার হলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। মারধর, হেনস্তার পর এবার খুন হতে হল এক বাঙালি পরিযায়ী শ্রমিককে। চোর সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে। এই ঘটনায় নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা রাজু তালুকদার (৩৭) তার ভাই ও আরও কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে পাঁচ মাস আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। গত ২৯শে আগস্ট স্থানীয় কিছু শ্রমিকের একটি মোবাইল চুরি যায়। এর জেরে তারা বাঙালি শ্রমিকদের চোর সন্দেহ করে তাদের উপর হামলা করে। মারধরের পাশাপাশি রাজুকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয়।
আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু রাজুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়। কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি ফিরিয়ে এনে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজুকে বাড়িতে নিয়ে আসার পথে স্টেশনে নামার আগেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে খবর পৌঁছানোর পর শোকোস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর রাজুর দেহ বাড়িতে এসে পৌঁছায়। এই ঘটনা আবারও ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।