ভিডিও কলে আত্মহত্যার হুমকি! প্রেমিকার সঙ্গে ঝগড়ার পরেই ঝুলন্ত দেহ, কী ঘটেছিল সেদিন রাতে?

ভিডিয়ো কলে প্রেমিকার সঙ্গে ঝগড়া। সেই সময়েই আত্মহত্যার হুমকি দিয়েছিলেন যুবক। কয়েক ঘণ্টা পরেই মিলল ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের মহেশমাটিতে। অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত যুবকের নাম গোলাম শেখ, বয়স ২৪। পরিবার সূত্রে জানা গিয়েছে, শহরের একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি। দুর্গাপুজোর পরেই মহেশমাটিরই এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে তাঁর বিয়ের কথা ছিল।

রবিবার রাতে দোকান থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন গোলাম। পরিবারের দাবি, তখনই তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং গোলাম প্রেমিকাকে আত্মহত্যার হুমকি দেন। এর কয়েক ঘণ্টা পর, সোমবার ভোররাতে ওই প্রেমিকা ছুটে আসেন গোলামের বাড়িতে এবং পরিবারের সদস্যদের খবর দেন।

পরিবারের সদস্যরা দ্রুত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পান, ফ্যানের সঙ্গে ঝুলছে গোলামের দেহ। সঙ্গে সঙ্গেই তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই গোলামের পরিবার ওই প্রেমিকার দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাদের দাবি, ওই তরুণী গোলামের মোবাইল ঘেঁটে সব ভিডিয়ো ডিলিট করে দিয়েছেন।

মৃতের মা রানি বিবি বলেন, “আমার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। আমি ওই মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব।” ইতিমধ্যেই ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে।