ভালোবাসার টান নাকি উগ্র নেশা? বোনকে খুনের পর মা-কেও মারার চেষ্টা, যোগীরাজ্যের ঘটনায় স্তম্ভিত বিশ্ব

উত্তরপ্রদেশের মোরাদাবাদের বুদ্ধবিহার কলোনিতে এক বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। পেশায় ইঞ্জিনিয়ার এক যুবক তাঁর নিজের যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন করার পর নিজের মা-কেও আক্রমণ করেন বলে অভিযোগ। অভিযুক্তের নাম হার্দিক, যিনি বর্তমানে পুলিশের হেফাজতে। জানা গিয়েছে, অনলাইনে গড়ে ওঠা এক ভিন্নধর্মী তরুণীর সাথে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত।

পুলিশি তদন্তে উঠে এসেছে যে, হার্দিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি মেয়ের প্রেমে পড়েন। সেই প্রেমিকার সাথে দেখা না হলেও হার্দিক তাঁর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতেন। তাঁর যমজ বোন হিমশিখা তাঁকে কেরিয়ারে মন দেওয়ার পরামর্শ দিলে দুজনের মধ্যে অশান্তি বাড়ে। অভিযুক্তের দাবি, সেই সম্পর্কের বিচ্ছেদের পিছনেও তাঁর মা ও বোনের হাত ছিল। সেই প্রতিহিংসা থেকেই দোল উপলক্ষে বাড়ি ফেরার পর ফাঁকা ঘরে বোনকে কুপিয়ে খুন করেন তিনি। হার্ট, লিভার এবং ফুসফুস—শরীরের এমন কোনো অঙ্গ নেই যা হার্দিকের চুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়নি।

খুনের পর হার্দিক শান্তভাবে তাঁর মায়ের অফিসে যান। মা নীলিমা মালহোত্রা একটি ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। সেখানে গিয়ে হার্দিক তাঁকে বলেন, “বাড়ি চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।” মা হাসিমুখে বাড়ি ফিরলেও দরজা খুলতেই দেখেন মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই হার্দিক তাঁর ওপরও ঝাঁপিয়ে পড়েন এবং ৬ বার ছুরিকাঘাত করেন। নীলিমা দেবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হার্দিক পালিয়ে যান, যদিও ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই নৃশংসতা দেখে খোদ পুলিশ আধিকারিকরাও শিউরে উঠছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy