ভারত-বাংলাদেশের শিল্পী নিয়ে ব্রাত্য বসুর ‘শেকড়’! চঞ্চল চৌধুরী-কুণাল ঘোষের অভিনয়ে দুই বাংলার মাটির গল্প

ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক যাই হোক না কেন, দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে জোর কদমে চলছে পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি ‘শেকড়’-এর শুটিং। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ছোটগল্পকে অন্য রকম মোড়কে বেঁধেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পরিচালক ব্রাত্য বসু।

বোলপুর শহরের অদূরে নানুর, মোহনপুর এবং লাভপুর-এর গ্রামীণ প্রেক্ষাপটে চলছে এই ছবির কাজ।

গল্পের কাঠামো ভাঙলেন পরিচালক:

‘শেকড়’ ছবিটি মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ এবং ‘দাদু’—এই দু’টি ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে। পরিচালক ব্রাত্য বসু ইটিভি ভারতকে বলেন, “দুটি গল্পকে একটি নতুন প্রেক্ষাপট দেওয়া হয়েছে। মূল গল্পের কাঠামো ভেঙেচুরে তৈরি হচ্ছে। বলা যেতে পারে পুরনো রেসিপি নতুন ভিএনতে রান্না করা হয়েছে।”

তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে দারুণ আশাবাদী। তিনি বলেন, “চঞ্চল চৌধুরী খুবই ভালো অভিনেতা। টেকনিক্যালিটির সঙ্গে ইমোশন মিশিয়ে লেন্স সব বোঝে।”

কুণাল ঘোষের দ্বিতীয় ইনিংস:

এই ছবিতে অভিনয়ে চমক হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি ‘গোপাল ঘোষ’ নামক এক ডাকাবুকো রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন। এটি তাঁর দ্বিতীয় ছবি। ইটিভি ভারতকে তিনি বলেন, “আমি অভিনয় করছি ঠিকই, কিন্তু প্রথম থেকেই সিনেমা থিয়েটারের ভক্ত। আমার প্রথম ছবি অরিন্দম শীলের ‘কর্পূর’, এরপর ব্রাত্য বসুর এই ‘শেকড়’।” তিনি যোগ করেন, চঞ্চলবাবু, লোকনাথ থেকে শুরু করে এক ঝাঁক দক্ষ শিল্পী আছেন, আর ব্রাত্যর কাজ মানে ভালো হবেই।

এছাড়াও, ছবিতে অভিনয় করছেন আর এক তৃণমূল নেতা, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, শিল্পী লোকনাথ দে, সীমা বিশ্বাস, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনুজয় চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য এবং জয়তী চক্রবর্তী।

চঞ্চল চৌধুরীর প্রত্যাশা:

এপার বাংলায় এটি চঞ্চল চৌধুরীর দ্বিতীয় পূর্ণাঙ্গ ছবি। তিনি ইটিভি ভারতকে বলেন, “ছবিটার গল্পটা খুবই জীবন ঘনিষ্ঠ, গ্রামীণ প্রেক্ষাপট, মাটির গল্প, মানুষের গল্প, শেকড়ের গল্প। ব্রাত্য দা একজন স্বনামধন্য অভিনেতা, পরিচালক, রাজনীতিক। আমি ওনার অভিনয়ের প্রচণ্ড ভক্ত।” তিনি আশাবাদী, এই গল্প দুই বাংলার মানুষের ভালো লাগবে, কারণ এটি বাংলা ভাষার গল্প, যা দুই দেশের মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত।

দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরি ‘শেকড়’ ছবিটি সব ভেদাভেদ ভুলে জনপ্রিয় হবে, এমনটাই আশা রাখছেন নির্মাতা ও কলাকুশলীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy