ভাঙনের মুখে সাগর মেলা প্রস্তুতি! ১৫ ডিসেম্বরের ডেডলাইন, ক্ষয়ক্ষতি সামলে লক্ষ লক্ষ পূণ্যার্থীর জন্য কীভাবে প্রস্তুত হচ্ছে প্রশাসন?

আগামী বছর (২০২৬) মকর সংক্রান্তির (১৪ জানুয়ারি) গঙ্গাসাগর মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পূণ্যার্থীর আগমনের জন্য প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সমস্ত কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তবে, সাগর উপকূলের ভাঙন এই প্রস্তুতিকে বর্তমানে এক বিরাট চ্যালেঞ্জে পরিণত করেছে।
এ বছর মেলা ৮ জানুয়ারি শুরু হবে এবং ভিড় আগের বছরের তুলনায় আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরপরই নতুন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দ্রুত কাজ শেষ করা এবং সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছেন।
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, পরিস্থিতির জটিলতা গুরুতর। তিনি উল্লেখ করেন যে ১ নম্বর স্নান ঘাট থেকে ২ নম্বর স্নানঘাট পর্যন্ত রাস্তার অবস্থা তুলনামূলকভাবে ভালো থাকলেও, ২ নম্বর ঘাটের পর থেকে ৬ নম্বর ঘাট পর্যন্ত রাস্তা সমুদ্রের গ্রাসে সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে।
প্রশাসন দ্রুততার সাথে সমস্ত স্নানঘাট সংস্কারের নির্দেশ দিয়েছে এবং আশেপাশের বহু রাস্তা সংস্কারের কাজ চলছে। মন্ত্রী নিশ্চিত করেছেন যে সমস্ত কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
লক্ষ লক্ষ পূণ্যার্থী যাতে সাগরে এসে নির্বিঘ্নে তীর্থযাত্রা সম্পন্ন করতে পারেন, সেই দিকেই এখন প্রশাসনের প্রধান নজর। এক মাসেরও কম সময়ের মধ্যে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ শেষ করতে প্রশাসন কতটা সফল হয়, সেটাই এখন দেখার।