“ভয় পাই না!” জয় বাংলা স্লোগান দিতেই গাড়ি থেকে নেমে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রামে ফের উত্তপ্ত রাজনৈতিক আবহ। নিজের খাসতালুকে জনসংযোগ সারার সময় অভাবনীয় পরিস্থিতির মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর কনভয় নন্দীগ্রামের একটি এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই একদল তৃণমূল কর্মী তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। সাধারণত এই ধরণের পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা এড়িয়ে গেলেও, মেজাজ হারিয়ে মাঝপথেই গাড়ি থামিয়ে নেমে পড়েন শুভেন্দু।

গাড়ি থেকে নেমে সরাসরি স্লোগান দেওয়া কর্মীদের মুখোমুখি হন তিনি। শুভেন্দু অধিকারীকে মারমুখী মেজাজে দেখে সাময়িকভাবে থতমত খেয়ে যান বিক্ষোভকারীরা। তিনি সাফ জানান, এই ধরণের উস্কানি দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না। স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, ২০২৬ নির্বাচনের আগে নন্দীগ্রামে শুভেন্দু বনাম তৃণমূলের এই লড়াই যে আরও তীব্র হবে, আজকের ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।

Pratik Saha
  • Pratik Saha