“ভয়ের পরিবেশ কাটাতে আপনিই ভরসা”! নতুন রাজ্যপালকে গীতা উপহার দিয়ে বার্তা শুভেন্দুর

রাজ্যপাল হিসেবে আর এন রবির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, একদিন পরেই লোকভবনে গিয়ে নয়া রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে কমলা গোলাপ ও গীতা উপহার দিয়ে স্বাগত জানান তিনি। প্রায় ৩০ মিনিটের এই সাক্ষাতে রাজ্যপালের সামনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন শুভেন্দু।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমি রাজ্যপালকে হাতজোড় করে বলেছি, সংবিধান বাঁচান।” তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে বিরোধী দলনেতা হিসেবে তাঁকে সাড়ে এগারো মাস বিধানসভার বাইরে থাকতে হয়েছে এবং পাঁচবার সাসপেন্ড হতে হয়েছে। রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিরোধীদের এমপি-এমএলএরা কেউ নিরাপদ নন। খগেন মুর্মুর ওপর হামলা এবং বিচারব্যবস্থার ওপর আক্রমণের ঘটনাও রাজ্যপালকে জানানো হয়েছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অভিযোগ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য তোষণ। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও জনবিন্যাস পরিবর্তনের বিষয়টিও তিনি রাজ্যপালের সামনে তুলে ধরেছেন। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক সফর ঘিরে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা নিয়েও ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে, ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।

অন্যদিকে, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূল বরং ইরানে গিয়ে ধর্না দিক।” রাজ্যপাল তাঁর কথা মন দিয়ে শুনেছেন জানিয়ে শুভেন্দু আত্মবিশ্বাসী যে, রাজ্যে সাংবিধানিক মর্যাদা ও গণতন্ত্র রক্ষায় তিনি যথাযথ পদক্ষেপ নেবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy