ভয়ংকর পরিণতি! ৫১ লক্ষ টাকার লোন শোধ করতে পারেননি, আদালতের নির্দেশে ব্যবসায়ীর সর্বস্ব বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক ব্যবসায়ীর সর্বস্ব হাতছাড়া হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ভোগপুর এলাকায়। লক্ষ লক্ষ টাকার ব্যবসায়িক ঋণ (বিজনেস লোন) শোধ করতে ব্যর্থ হওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই ব্যবসায়ীর সম্পত্তি নিজেদের হেফাজতে নিয়েছে।

জানা গিয়েছে, ভোগপুর এলাকার বাসিন্দা তুহিন মাইতি বছর কয়েক আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫১ লক্ষ টাকার ব্যবসায়িক ঋণ নিয়েছিলেন। কিন্তু তিনি সেই লোনের মাসিক কিস্তি (EMI) নিয়মিত দিতে পারেননি। একের পর এক কিস্তি ফেল করায় বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় আদালতে।

আদালতের নির্দেশে, ঋণ খেলাপির অভিযোগে ব্যাঙ্ক কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই ব্যক্তির সম্পত্তি দখল নেয়। ডেবরা ব্লকের বিডিও (BDO) এবং ডেবরা থানার পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

স্থানীয় প্রশাসন এবং ব্যাঙ্ক সূত্রে খবর, তুহিন মাইতি তার ব্যবসার জন্য নেওয়া ৫১ লক্ষ টাকার ঋণ এবং তার কিস্তি পরিশোধ করতে না পারায় আদালতের নির্দেশেই এই সম্পত্তি ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হলো। এই বাজেয়াপ্ত সম্পত্তির পরিপ্রেক্ষিতেই ব্যাঙ্কের পাওনা ঋণের টাকা পরিশোধ করা হবে। তবে আচমকা সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় চরম সমস্যায় পড়েছে তুহিন মাইতির পরিবার।