ভক্তদের হুড়োহুড়ি, অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে মর্মান্তিক পদপিষ্ট! ঘটনাস্থলে প্রাণ হারালেন অন্তত ৯ পুণ্যার্থী

ভক্তদের হুড়োহুড়ির কারণে ফের ধর্মস্থানে ঘটল মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৯ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় জখমের সংখ্যাও প্রচুর। যদিও পদপিষ্টের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর, একাদশীর দিনে পুজো দেওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পদদলিত হয়ে ঘটনাস্থলেই অন্তত ৯ জনের মৃত্যু হয়। তীর্থস্থানে পুণ্যার্থীদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু।

মুখ্যমন্ত্রীর শোক ও নির্দেশ:
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন এবং দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। এক্স (আগেকার টুইটার) হ্যান্ডেলে তিনি বলেন:

“এই দুঃখজনক ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নাইডু বলেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের গোটা পরিস্থিতি তদারকি করার অনুরোধ জানিয়েছি।”

মন্ত্রীর প্রতিক্রিয়া ও তৎপরতা:
অন্যদিকে, রাজ্যের শিক্ষা ও আইটি মন্ত্রী নারা লোকেশও ঘটনাটিকে “চরম মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, “কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে একাদশীর দিনে ঘটে যাওয়া পদপৃষ্টের ঘটনায় বহু ভক্তের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”

লোকেশ জানান, ঘটনাটি জানার পরপরই তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, “আমাদের সরকার আহতদের সর্বোত্তম চিকিৎসা প্রদান করছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি প্রশাসন, জেলা মন্ত্রী আচ্চান্নাইডু এবং স্থানীয় বিধায়ক গৌথু সিরিশার সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীদের পরিবারের জন্য অবিলম্বে সাহায্য পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy