ব্লু লাইনে দুর্ভোগের দিন শেষ! কবি সুভাষ স্টেশনের কাজ কবে শেষ হবে? আশার কথা শোনালেন মেট্রো রেলের GM

কলকাতা মেট্রো নেটওয়ার্কের ৪১তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মতলার নতুন মেট্রো স্টেশনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার (GM) শুভ্রাংশু শেখর মিশ্র। সেখানেই তিনি ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন সহ একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের কাজ নিয়ে বড় ঘোষণা করেন।
কবি সুভাষ স্টেশনের কাজ শুরু:
কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ার পর মেন লাইনের এই শেষ স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জিএম শুভ্রাংশু শেখর মিশ্র জানান, শহিদ ক্ষুদিরাম ও কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে আটকে থাকা কাজ এবার দ্রুততার সঙ্গে শেষ করা হবে।
তিনি বলেন, উৎসবের মরশুমে কাজের গতি কিছুটা স্তিমিত হলেও, কবি সুভাষ ও ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ক্রস ওভার তৈরির কাজ ছট পুজোর পরই দ্রুত শুরু হবে। আগামী সপ্তাহ থেকেই এই কাজ শুরু হতে পারে বলে তিনি আশার বাণী শোনান।
জিএম আরও বলেন, “যেহেতু নর্থ সাউথ করিডোর (ব্লু লাইন) অনেকটা পুরনো, তাই এই করিডোরের সমস্যাগুলির সমাধানের জন্য রাইটস কাজ করছে। CBTC’র কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে সমস্যাগুলির সমাধান করা হবে।”
অরেঞ্জ লাইনেও সুখবর:
নিউ গড়িয়া-এয়ারপোর্ট (অরেঞ্জ লাইন) মেট্রো প্রকল্পের চিংড়িঘাটার আটকে থাকা কাজ নিয়েও তিনি বড় ঘোষণা করেন। জিএম জানান, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে এবং চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ওই কাজ শুরু হবে। সেক্ষেত্রে আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা সম্ভব হবে বলেই তিনি আশা প্রকাশ করেন।
মেট্রো নেটওয়ার্কের ভবিষ্যৎ পরিকল্পনা:
কলকাতা মেট্রো নেটওয়ার্কের আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। জিএম জানান:
আরও ৫৭ কিলোমিটার মেট্রো পথ তৈরি করার অনুমতি মিলেছে।
২০২৬ সালের মধ্যে ২৯ কিলোমিটার কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১৯ কিলোমিটার যাত্রী পরিষেবার জন্য চালু করে দেওয়া হবে।
২০২৯ সালের মধ্যে পার্পল লাইন (জোকা থেকে ধর্মতলা) পর্যন্ত কাজ শেষ করা হবে।
একই সময়ে এয়ারপোর্ট থেকে মাইকেলনগর পর্যন্ত ইয়েলো লাইন মেট্রোও যুক্ত করা হবে।