ব্রিজের তলায় এবার টেবিল টেনিস-ক্যারাম! শহর সৌন্দর্যায়নে নতুন মাস্টারপ্ল্যান আনলেন অগ্নিমিত্রা পাল

শহরকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন বড় বড় রাস্তার সৌন্দর্য বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আর এবার শহরকে নতুন রূপ দিতে আরও এক অভিনব পরিকল্পনা সামনে আনলেন তিনি। তবে একই সঙ্গে সাম্প্রতিক কিছু বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে নিজের ভয়ের কথাও প্রকাশ করেছেন মন্ত্রী। সম্প্রতি চিংড়িহাটা ব্রিজে কয়েকজন বাইক আরোহী স্কিড করে পড়ে যাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিরোধীরা রাস্তার রং নিয়ে তীব্র আক্রমণ শানায়। সেই প্রসঙ্গে মুখ খুলে ক্ষোভ উগরে দিয়েছেন অগ্নিমিত্রা।

নতুন পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, ব্রিজের নিচের অব্যবহৃত জায়গাগুলিকে সঠিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ব্রিজের তলার দুপাশে নেট দিয়ে ঘিরে দিয়ে সেখানে খেলাধুলার জায়গা তৈরি করা হবে। সেখানে টেবিল টেনিস কোর্ট বা ক্যারাম খেলার বন্দোবস্ত করা যেতে পারে, ঠিক যেভাবে গড়িয়াহাট ব্রিজের নিচে দাবা খেলার ব্যবস্থা রয়েছে। তবে চিংড়িহাটায় বাইক স্কিড করার ঘটনা প্রসঙ্গে তাঁর সাফ কথা, স্কিড নানা কারণেই হতে পারে। সম্প্রতি হাইওয়েতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে কোনো রং ছিল না। তাই রাস্তার রংয়ের জন্যই দুর্ঘটনা ঘটেছে, এমন ভাবার কোনো কারণ নেই। ঘটনার খবর পাওয়ার পরেই তাঁরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন।

বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে মন্ত্রী বলেন, গত ১৫ বছরের সরকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও শহরের সৌন্দর্যায়নের জন্য কিছুই করেনি। জল সরবরাহ বা জঞ্জাল পরিষ্কার করার পাশাপাশি শহরের সৌন্দর্যায়ন করাও তাঁর কাজের একটি অংশ। তিনি স্পষ্ট করে জানান, এই কাজ কোনো টাকা চুরি করে বা চেয়েচিন্তে করা হচ্ছে না। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলটি বা সিএসআর (CSR) ফান্ডের মাধ্যমে কলকাতা, হাওড়া ও শিলিগুড়ির রাস্তাঘাট এবং ব্রিজের তলার রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের কাজ করা হচ্ছে। বড় বড় সংস্থার সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং অবহেলিত মাঠগুলির তালিকা তৈরি করে সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।