‘ব্রাহ্মণ হয়ে কী পেয়েছ?’ এক মন্তব্যে তুলকালাম! ২৪ ডিসেম্বরের আগে খাড়ার তলায় অনুরাগ কাশ্যপ!

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ফের চরম আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপ। আদালতের বারবার পাঠানো সমন ও নোটিস অবহেলা করার অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গুজরাতের সুরাট আদালত। আগামী ২৪ ডিসেম্বর এই সংবেদনশীল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সুরাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহানের আদালত এই কড়া নির্দেশ জারি করেন। অভিযোগকারী পক্ষের আইনজীবী কমলেশ রাওয়াল জানান, ইতিপূর্বে আদালতে হাজির হওয়ার জন্য অনুরাগকে একাধিকবার আইনি নোটিস পাঠানো হয়েছিল। এমনকি সংবাদপত্রে প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি করেও তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। তবে সমস্ত সমন উপেক্ষা করায় শেষমেশ এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মামলাটির সূত্রপাত ২০২৫ সালের মে মাসে। এক্স-এ (টুইটার) এক ব্যক্তির আপত্তির জবাবে অনুরাগ মন্তব্য করেন—‘ব্রাহ্মণ হয়ে কী অর্জন করেছেন?’ এই মন্তব্যের পরই হিন্দুত্ববাদী সংগঠনের আইনি উপদেষ্টা কমলেশ রাওয়াল আদালতের দ্বারস্থ হন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ এবং ৩৫২(২) ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা উসকে দেওয়া ও অপপ্রচারের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। জামিনযোগ্য পরোয়ানা হওয়ায় জামানত জমা দিয়ে আপাতত ছাড় পেলেও, ২৪ ডিসেম্বরের শুনানিতে পরিচালকের আইনি ভাগ্য নির্ধারণ হবে।