ব্যাঙ্কের লকারে থাকেন মা দুর্গা, ১০৮টি মোহর দিয়ে তৈরি মূর্তি, জঙ্গলমহলের এই পুজোয় চমকে যাবেন

দুর্গাপূজা মানেই নানা চমক। কিন্তু জঙ্গলমহলের পুরুলিয়ায় এমন এক দুর্গাপূজা হয়, যা শুনলে আপনি চমকে যাবেন। এখানকার জয়পুর রাজবাড়ির দেবী কনকদুর্গা সারা বছর থাকেন ব্যাঙ্কের লকারে! পুজোর চারটি দিনই তাঁকে বিশেষ নিরাপত্তা দিয়ে আনা হয় মণ্ডপে।
সোনার প্রতিমা, রূপোর চালচিত্র
জয়পুর রাজপরিবারের বর্তমান উত্তরসূরি প্রশান্ত নারায়ণ সিংহদেও জানান, বংশপরম্পরায় তাঁদের এই পূজা চলে আসছে। ১০৮টি আকবরি মোহর দিয়ে তৈরি হয়েছে এই দুর্গা প্রতিমা। প্রায় দেড় কেজি ওজনের এই সোনার দুর্গা প্রতিমার সঙ্গে রয়েছে দুই মণ রূপা দিয়ে তৈরি চালচিত্র। নিরাপত্তার কারণে পুজোর বাকি সময় প্রতিমা ব্যাঙ্কের স্ট্রংরুমে রাখা হয়।
পুলিশি পাহারায় পূজা
পুজোর চার দিন এই মহামূল্যবান প্রতিমা কঠোর পুলিশি পাহারায় রাখা হয়। দর্শনার্থীরাও কড়া নিরাপত্তার মধ্যে মাকে দর্শন করতে পারেন। পূজা শেষ হতেই আবার পুলিশি প্রহরায় মাকে ব্যাঙ্কের লকারে ফিরিয়ে দেওয়া হয়।
রাজপরিবারের সদস্যরা জানান, এই পূজা তাঁদের পারিবারিক ঐতিহ্য। পূর্বপুরুষদের মতোই তাঁরা নিষ্ঠার সঙ্গে এই পূজা পালন করে আসছেন এবং সারা বছর এই বিশেষ পুজোর অপেক্ষায় থাকেন। পুরুলিয়ার ঐতিহ্যবাহী দুর্গাপূজাগুলোর মধ্যে জয়পুর রাজবাড়ির এই কনকদুর্গা পূজা অন্যতম এবং এই ধরনের অভিনব আয়োজন নিশ্চিতভাবে সকলকে মুগ্ধ করবে।