ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ মন্দিরের দানবাক্স খুলতেই শোরগোল পড়ে গেল। মন্দির প্রশাসনের কড়া নজরদারি ও কড়া নিরাপত্তার মধ্যে মোট ১৮টি দানবাক্স খোলা হয়েছিল। সেখান থেকে মোট ৩২ লক্ষ ১৪ হাজার ২৪৫ ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। তবে শুধু ভারতীয় টাকা নয়, দানবাক্সের ভেতর থেকে বিদেশি মুদ্রার ভাণ্ডার দেখে রীতিমতো চমকে গিয়েছেন কর্তৃপক্ষ।
জেলা শাসক নমন প্রিয়েশ লাকরা জানিয়েছেন, এই প্রথমবার বৈদ্যনাথ মন্দিরের দানবাক্সে পাকিস্তানি মুদ্রা পাওয়া গেল। তল্লাশিতে ১০০ পাকিস্তানি রুপি ছাড়াও ১১ মার্কিন ডলার, ২০ ইউরো এবং ৯,০০০-এর বেশি নেপালি মুদ্রা মিলেছে। দেওঘর যেহেতু ৫২টি শক্তিপীঠের একটি এবং অত্যন্ত পবিত্র তীর্থস্থান, তাই সারা বিশ্ব থেকেই এখানে ভক্ত সমাগম হয়। মনে করা হচ্ছে, বিদেশি ভক্তরা নিজেদের পরিচয় গোপন রেখে এই মুদ্রা দান করেছেন।
পৌরাণিক কাহিনী অনুসারে, লঙ্কাপতি রাবণ মহাদেবকে নিয়ে যাওয়ার পথে শর্ত ভেঙে এখানে যাত্রাবিরতি করেছিলেন, যার ফলে শিব এখানেই লিঙ্গরূপে অবস্থান করেন। শিব ও শক্তির এই মিলনস্থলে সারা বছরই ভিড় থাকে। তবে দানবাক্সে আন্তর্জাতিক মুদ্রার এই বৈচিত্র্য মন্দিরের বিশ্বজনীন জনপ্রিয়তাকে যেমন তুলে ধরছে, তেমনই পাকিস্তানি রুপি মেলায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।