বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র টাকা দেওয়ার দিনক্ষণ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, আগামী ১ এপ্রিল থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ১,৫০০ টাকা করে পৌঁছে যাবে। এর আগে এই প্রকল্প ১৫ আগস্ট থেকে চালু হওয়ার কথা থাকলেও, নতুন অর্থবর্ষের শুরুতেই তা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের কথা প্রথম ঘোষণা করেছিলেন। নিয়ম অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা এই ভাতার সুবিধা পাবেন। মূলত যাঁরা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের আর্থিক সহায়তা প্রদানই এই প্রকল্পের লক্ষ্য। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, মহিলারা যেমন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাচ্ছেন, তেমনই বেকার যুবকদের কথা মাথায় রেখে এই ‘যুব সাথী’ প্রকল্প আনা হয়েছে। একজন আবেদনকারী সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সুবিধা পাবেন।
কীভাবে আবেদন করবেন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবেদনের প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ ক্যাম্প বসানো হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পে গিয়ে আগ্রহী প্রার্থীরা নাম নথিভুক্ত করতে পারবেন। খুব শীঘ্রই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্যাম্পের সঠিক স্থান ও প্রয়োজনীয় নথির তালিকা জানানো হবে। আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই ১ এপ্রিল থেকে টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে (DBT) চলে যাবে। ভোটের আগে এই ঘোষণা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও, মুখ্যমন্ত্রী আজ সাফ জানিয়ে দিলেন—কাজ শুরু হচ্ছে এপ্রিল থেকেই।