২০২৬-এর বিধানসভা নির্বাচনে হারানো জমি ফিরে পেতে এবার কর্মসংস্থানকেই প্রধান হাতিয়ার করল বামফ্রন্ট। রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন চেয়ারম্যান বিমান বসু। এবারের ইস্তেহারের সবচেয়ে আকর্ষণীয় এবং বড় প্রতিশ্রুতি হলো—’প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যকে স্থায়ী সরকারি চাকরি’। বামেদের দাবি, তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতির জেরে রাজ্যের শিক্ষিত যুবসমাজ দিশেহারা, সেই অন্ধকার কাটাতেই এই বৈপ্লবিক পদক্ষেপ।
ইস্তেহার প্রকাশ করে বিমান বসু জানান, কেবল প্রতিশ্রুতি নয়, ক্ষমতায় এলে নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদ পূরণ এবং নতুন কর্মসংস্থান তৈরি করবে বাম সরকার। এছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা এবং কৃষিভিত্তিক শিল্পে জোর দেওয়ার কথা বলা হয়েছে। বিজেপি ও তৃণমূলের ‘খয়রাতি’ রাজনীতির পাল্টা হিসেবে বামেরা এই ‘উপার্জন ও মর্যাদা’র মডেলকে সামনে এনেছে। বেকার যুবকদের জন্য মাসিক ভাতার পাশাপাশি স্থায়ী কর্মসংস্থানের এই প্রতিশ্রুতি কোচবিহার থেকে কাকদ্বীপ—সব প্রান্তের ভোটারদের কতটা টানে, এখন সেটাই দেখার।





