বৃষ্টির মরসুমে চরম মর্মান্তিক কাণ্ড! নিজের বাড়ি মেরামত করতে গিয়েই দেওয়াল চাপা পড়ে মৃত্যু যুবকের, শোকের ছায়া চাপুড়ি গ্রামে।

টানা বৃষ্টির জেরে মাটির বাড়ির করুণ দশায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। নিজের বাড়ি মেরামত করতে গিয়েই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক তরতাজা যুবকের। রবিবার পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত চাপুড়ি গ্রামে এই ঘটনাকে ঘিরে তীব্র শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

কীভাবে ঘটল দুর্ঘটনা
মৃত যুবকের নাম আজাদ আনসারী, বয়স আনুমানিক ৩২ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আজাদ আনসারী তাঁর মাটির বাড়ি মেরামতের কাজ করছিলেন। সেই সময় হঠাৎই বাড়ির একদিকের দেওয়াল ভেঙে তাঁর উপরে পড়ে।

গ্রামের বাসিন্দা শওকত আলী আনসারী জানান, দেওয়াল ধসে পড়ার সঙ্গে সঙ্গেই পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত আজাদকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রশাসনের আশ্বাস
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাড়া থানার পুলিশ মৃত আজাদ আনসারীর দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে, মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত। সরকারিভাবে সমস্ত ধরনের সহযোগিতার ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে পরিবারের সদস্যদের।