বীভৎস লালসা! বেড়াতে নিয়ে যাওয়ার অছিলায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ…., শিউরে উঠল ত্রিপুরা

উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় ১৪ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। বীভৎস এই ঘটনাটি ঘটেছে গত শনিবার (১১ অক্টোবর, ২০২৫)। ঘটনার পর অভিযুক্তকে অসমের নীলামবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পানিসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত ভট্টাচার্য্য জানিয়েছেন, ধর্ষণের পর শিশুটিকে মেরে এলাকার একটি ধানক্ষেতে পুঁতে রাখা হয়েছিল।
‘বেড়াতে যাওয়ার নাম করে’ নিয়ে গিয়েছিল অভিযুক্ত:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ‘বেড়াতে যাওয়ার নাম করে’ শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে যান। কিন্তু তিন ঘণ্টা কেটে যাওয়ার পরও শিশুটিকে ফেরত না দেওয়ায় বাবা-মা এবং পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর শিশুটির নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শত শত গ্রামবাসী হন্যে হয়ে খুঁজতে শুরু করেন।
ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত ভট্টাচার্য্য জানান, গ্রামবাসীদের খোঁজাখুঁজির মধ্যেই স্থানীয় এক ধানক্ষেত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি নিশ্চিত করেন, “শিশুটির মৃতদেহ একটি ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া গিয়েছে।”
ময়নাতদন্তের পর রবিবারই শিশুটির দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ধর্ষণ ও খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই নারকীয় ঘটনায় পানিসাগর এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।