বি সি রায় মার্কেট উচ্ছেদে বড় নির্দেশ! ধর্মতলা মেট্রোর জট কাটল হাইকোর্টের রায়ে

ধর্মতলা-জোকা মেট্রো সম্প্রসারণের কাজে থাকা দীর্ঘদিনের বাধা দূর করল কলকাতা হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে বিধানচন্দ্র রায় মার্কেট বা বি সি রায় মার্কেট খালি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। এর ফলে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট চালুর ক্ষেত্রে আর বড় কোনও আইনি বাধা রইল না বলেই মনে করা হচ্ছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন ওই মার্কেটের ৩২১টি স্টলের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি, বিকল্প জায়গায় স্টল স্থানান্তরের সময় সেখানে জল, শৌচাগার, বিদ্যুৎ এবং নিরাপত্তার মতো জরুরি বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। মেট্রোর কাজ সম্পূর্ণ হওয়ার পর ব্যবসায়ীরা যাতে আবার তাঁদের পুরনো জায়গায় ফিরে যেতে পারেন, রায়ে সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। ধর্মতলা এলাকায় স্টেশন তৈরি নিয়ে সেনার আপত্তির জেরে দীর্ঘদিন ধরে এই জট তৈরি হয়েছিল। এবার আদালতের এই কড়া নির্দেশ ও নতুন রূপরেখার ফলে মেট্রো প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে বলে আশা করা হচ্ছে।