বিহারে ভোট বয়কটের হুমকি দিচ্ছেন তেজস্বী, আন্দোলনকেই হাতিয়ার করে পথে নামার প্রস্তুতি TMC-র!

বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সংসদ উত্তাল। বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনী বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) সহ একাধিক বিরোধী দল তীব্র বিরোধিতা করছে। এই প্রক্রিয়ায় বিহারে ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং আরও ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা করছেন বিরোধীরা। আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে ভোট বয়কটের হুমকি দিলেও, তৃণমূল কংগ্রেস বাংলায় ভোট বয়কট নয়, বরং আন্দোলনকেই হাতিয়ার করে পথে নামার প্রস্তুতি নিচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এবার আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও একই ধরনের নিবিড় ভোটার তালিকা সংশোধনী শুরু হতে পারে। এই খবরে উদ্বেগ প্রকাশ করে বিরোধীরা আশঙ্কা করছে যে, এর ফলে বাংলাতেও লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে।

তবে, এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, বিহারের মতো বাংলায় যদি ভোটারদের নাম বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেস তা ছেড়ে কথা বলবে না এবং নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।

বর্তমানে তৃণমূল কংগ্রেস সংসদের অভ্যন্তরে ‘ইন্ডিয়া’ জোটের পাশে থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তারা প্রতিদিন ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। পাশাপাশি, তৃণমূল নেত্রীর নির্দেশ অনুযায়ী, দলের নেত্রী সুস্মিতা দেব কয়েকদিনের মধ্যেই অসমে যাচ্ছেন সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে। অসমে ভোটার তালিকা সংশোধনী এবং ডি-ভোটার (D-Voter) সমস্যার প্রভাব পর্যবেক্ষণ করে তৃণমূল কংগ্রেস বাংলায় আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করবে বলে জানা গেছে। বিহারের বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের ছায়া এবার পশ্চিমবঙ্গেও পড়তে চলেছে এবং এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আন্দোলন আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।