বিহারে ভোটের মুখে বড় ঘোষণা নীতীশের! ট্যাব ও স্মার্টফোন কেনার জন্য করা পাবেন টাকা?

ভোটের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ‘মহাদলিত উন্নয়ন মিশন’-এর কর্মীদের জন্য এক বড় ঘোষণা করেছেন। রাজ্যের ১০,০০০-এর বেশি ‘বিকাশ মিত্র’-কে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাবলেট কেনার জন্য। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে তৃণমূল স্তরে উন্নয়নমূলক কাজ আরও দ্রুত হবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিকাশ মিত্রদের যাতায়াত ভাতা ১৯০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হবে এবং তাঁদের স্টেশনারি ভাতাও ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। বিকাশ মিত্ররা সাধারণত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। তাঁদের হাতে ট্যাব তুলে দিলে কাজের গতি বাড়বে।
বিকাশ মিত্রদের পাশাপাশি, ‘আক্ষর আঁচল’ প্রকল্পের অধীনে কাজ করা ‘শিক্ষা সেবক’-দের জন্যও নতুন সুবিধা চালু করা হয়েছে। এই কর্মীরা মহাদলিত, দলিত, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নীতীশ কুমার ঘোষণা করেছেন যে, এই কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য, যাতে তাঁরা ডিজিটাল কাজ সহজে সম্পন্ন করতে পারেন। একইসঙ্গে শিক্ষা সেবকদের জন্য প্রতি বছর প্রতিটি কেন্দ্রে বরাদ্দ ৩৪০৫ টাকা থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। ভোটের আগে নীতীশ সরকারের এই পদক্ষেপগুলিকে রাজ্যবাসীর জন্য একটি বড় উপহার হিসেবেই দেখা হচ্ছে।