বিহারে ডাক্তারদের পোয়া বারো! এক লাফে মাসিক বেতন বাড়ল ১০ হাজার টাকা পর্যন্ত!

বিহার সরকারের পক্ষ থেকে রাজ্যের সরকারি চিকিৎসা ও দন্ত চিকিৎসাক মহাবিদ্যালয়ে পিজি বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা ট্রেইনি চিকিৎসকদের মাসিক স্টাইপেন্ড বা মান্দেয় বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষের পিজি শিক্ষার্থীদের মাসিক স্টাইপেন্ড ৮২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯২ হাজার ৮০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ভাতা ৯০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ২ হাজার টাকা এবং তৃতীয় বর্ষের চিকিৎসকদের ভাতা ৯৯ হাজার ২২০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ১২ হাজার ২০০ টাকা করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এই বর্ধিত বেতন কাঠামো চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে এবং বকেয়া অর্থ সহ সমস্ত সুবিধা পাবেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নিশাদ কুমার জানিয়েছেন, স্নাতকোত্তর চিকিৎসকরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড এবং ভবিষ্যৎ বিশেষজ্ঞ। তাঁদের আর্থিক সুরক্ষা এবং কাজের উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত। সরকারের মূল লক্ষ্য শুধু স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো নয়, বরং রাজ্যের সাধারণ মানুষকে উন্নত এবং মানসম্মত চিকিৎসা পরিষেবা উপহার দেওয়া।