বিশ্ব বাণিজ্যে ভেঙে পড়ল পুরোনো রেকর্ড! একলাফে ২৪ শতাংশে পৌঁছে গেল ব্রিকসের অংশীদারি!

বিশ্ব পণ্য রপ্তানিতে ঐতিহাসিক উল্লম্ফন ঘটিয়ে ব্রিকস দেশগুলোর অংশীদারি প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার ব্রিকস বিজনেস ফোরাম ২০২৬-এর লিডারস সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ২০০৩ সালে বিশ্ব রপ্তানিতে ব্রিকস দেশগুলোর অংশীদারি যেখানে মাত্র ১২ শতাংশ ছিল, তা এখন বেড়ে সোজা ২৪ শতাংশে গিয়ে ঠেকেছে। একই সঙ্গে রপ্তানির এই পরিমাণ ৯০০ বিলিয়ন ডলার থেকে লাফিয়ে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

বক্তৃতায় পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি, স্থিতিশীল সাপ্লাই চেন তৈরি এবং ব্যবসা বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছেন গোয়েল। ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফোরামে ব্রিকস সদস্য ও সহযোগী দেশগুলোর দুই হাজারের বেশি ব্যবসায়ী নেতা ও প্রতিনিধি অংশ নেন, যা এযাবৎকালের বৃহত্তম ব্রিকস বিজনেস ফোরাম। এই অর্থনৈতিক সহযোগিতার সুফল যাতে দেশের কৃষক, মহিলা পরিচালিত ব্যবসা, তরুণ উদ্যোগপতি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) দোরগোড়ায় পৌঁছায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ব্রিকস উইমেন’স বিজনেস অ্যালায়েন্স এবং বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে ৪৪টিরও বেশি গুরুত্বপূর্ণ সুপারিশও জমা দেওয়া হয়েছে এই সম্মেলনে।