বিহারের মধুবনী জেলার ঘোঘরডিহার আমহি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে এক মহিলাকে অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে। অভিযোগ, গ্রামপ্রধান কুমারী দেবীর বাড়িতে সাহায্য চাইতে গেলে তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে বাঁশ দিয়ে মারধর করা হয় এবং মদে প্রস্রাব মিশিয়ে জোর করে পান করানো হয়। গত ২৫ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটলেও শনিবার পুলিশ বিষয়টি প্রকাশ্যে আনে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তির পর ১ মার্চ ওই মহিলার মৃত্যু হয়।
মৃতের স্বামীর অভিযোগ, পঞ্চায়েতের মাধ্যমে বিবাদ মেটানোর আশা নিয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী, কিন্তু বদলে জুটেছে নির্মম অত্যাচার। ঘটনায় গ্রামপ্রধান কুমারী দেবী ও তাঁর ছেলে মগনু সিং-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত মগনু সিংকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সংবেদনশীলতা বিচার করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মানসুরি সম্প্রদায়ের প্রতিনিধিরা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও নির্যাতনের ভয়াবহতার বিস্তারিত প্রমাণ মিলবে বলে জানিয়েছেন ডিএসপি অমিত কুমার।