বিহারে ফের একবার প্রশ্নের মুখে আইন-শৃঙ্খলা। গয়া জেলায় কর্তব্যরত এক পুলিশ অফিসারকে নৃশংসভাবে মারধর ও তাঁর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এমএলসি কালাম কুরেশি এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। বর্তমানে গয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত এএসআই বিক্রম পাসওয়ান।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রে খবর, নিয়ম মেনে একটি দোকান নির্দিষ্ট সময়ের পর বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত এমএলসি কালাম কুরেশি ও তাঁর অনুগামীরা এএসআই পাসওয়ানের ওপর চড়াও হন। লাঠি ও লাথি-ঘুষিতে তাঁর বাঁ হাত ভেঙে দেওয়া হয় এবং ছিঁড়ে ফেলা হয় পুলিশের উর্দি। স্থানীয়রা উদ্ধার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় পুলিশের অন্দরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার পর দুজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত এমএলসি কালাম কুরেশি বর্তমানে পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তারা হাসপাতালে আহত অফিসারের খোঁজ নিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। ক্ষমতার দাপটে রক্ষকের ওপর এমন নজিরবিহীন হামলার ঘটনায় উত্তপ্ত বিহারের রাজনীতি।





