বিষপান করে নববধূর রহস্যমৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগে গঙ্গারামপুর হাসপাতালে তুমুল বিক্ষোভ, মোতায়েন RAF

পারিবারিক অশান্তির জেরে বিষপান করে এক নববধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম মিনু রেশমা (২২), স্বামীর নাম রাজা বাদশা। তাঁর শ্বশুরবাড়ি করঞ্জা, দৌলতপুরে এবং বাপের বাড়ি কুশমন্ডি থানা এলাকায়। মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও স্থানীয়রা।

বিষপান ও হাসপাতালে নিয়ে আসা
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে মিনুর বিয়ে হয়। দুই মাস আগে তাঁর স্বামী রাজা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে যান। বৃহস্পতিবার পারিবারিক অশান্তির জেরে মানসিক চাপে মিনু বিষপান করেন বলে খবর।

পরিবারের সদস্যরা জানতে পারলে তাঁকে প্রথমে রশীদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে অবস্থার অবনতি হলে তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ
মিনু রেশমার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছে পরিবার।

পরিবারের অভিযোগ, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময়মতো চিকিৎসা করা হয়নি। সেই কারণেই ওই নববধূর মৃত্যু হয়েছে।

পাশাপাশি, হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছে মৃতার পরিবারের সদস্যরা।

হাসপাতালে তুলকালাম, মোতায়েন RAF

রাতে মিনুর মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-স্বজন ও স্থানীয়রা। হাসপাতালের সামনে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও আইসি শান্তনু মিত্র।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে RAF এবং বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ ও মৃতার পরিবারের লোকজনের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা চললেও, মহকুমা পুলিশ আধিকারিক ও গঙ্গারামপুর থানার আইসির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নববধূর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy