বিশ্ব রাজনীতিতে মহাধামাকা! এপ্রিলে বেজিং যাচ্ছেন ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে কী ‘গোপন’ চুক্তি?

মার্চেন্ট অফ দ্য ডিল কি এবার বেজিংয়ের মাটিতে বড় কোনো চমক দিতে চলেছেন? বিশ্ব রাজনীতির অলিন্দে এখন এই একটাই প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এপ্রিল মাসেই চিন সফরে যাচ্ছেন বলে জানা গেছে। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসার পর এটিই হতে চলেছে তাঁর প্রথম চিন সফর। পলিটিকোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের এই পরিকল্পনার কথা ইতিমধ্য়েই মার্কিন প্রশাসনের উচ্চমহলে আলোচিত হচ্ছে।

কী ঘটতে চলেছে এপ্রিলে? সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই তাঁর বেজিং সফরের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমি এপ্রিলে সেখানে (চিন) যাচ্ছি, আর বছরের শেষ দিকে প্রেসিডেন্ট শি জিনপিং এখানে আসছেন।” গত ৪ ফেব্রুয়ারি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রায় ৯০ মিনিটের একটি দীর্ঘ ফোনালাপ হয়। ট্রাম্পের মতে, এই আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, শি জিনপিং তাঁকে এবং ফার্স্ট লেডিকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

বাণিজ্য না কি কূটনীতি: ট্রাম্পের তুরুপের তাস ট্রাম্প স্পষ্ট করেছেন যে, চিনা প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথোপকথন মূলত বাণিজ্যকেন্দ্রিক ছিল। যদিও ইরান বা ইউক্রেন সমস্যা নিয়ে সরাসরি আলোচনা হয়নি, তবে দুই দেশের মধ্যে ‘ব্যবসায়িক ভারসাম্য’ বজায় রাখাটাই ট্রাম্পের আসল লক্ষ্য। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। তাঁর জন্যও এটা দরকার, আমার জন্যও।”

পাল্টা চাপে রাখছে বেজিংও চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘পারস্পরিক শ্রদ্ধার’ বার্তা দিয়েছেন। ওয়াশিংটন যাতে চিনের বিরুদ্ধে নেওয়া নেতিবাচক পদক্ষেপগুলো সরিয়ে নেয়, সেই আর্জিও জানিয়েছেন তিনি। শি-এর কথায়, “চিন-মার্কিন সম্পর্কের বিশাল জাহাজের দিক পরিবর্তন করতে হলে আমাদের সঠিক পথ নির্ধারণ করতে হবে।”

সংঘাতের মেঘ কি কাটবে? সম্পর্ক ‘মধুর’ হওয়ার কথা বললেও নেপথ্যে রয়েছে তীব্র উত্তেজনা। সম্প্রতি চিনা সংস্থা হুয়াওয়ের এআই চিপ ব্যবহার এবং চিনা শিক্ষার্থীদের ভিসা বাতিল নিয়ে সরব হয়েছে ওয়াশিংটন। অন্যদিকে, বিরল খনিজ রপ্তানিতে চিনের নিষেধাজ্ঞা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প প্রশাসন। এই ‘নরমে-গরমে’ আবহে ট্রাম্পের এই সফর বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল মোড় ঘোরাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy