দিঘা, পুরী, দার্জিলিং—এই তিন জায়গাকে এক সঙ্গে বাঙালির প্রিয় ভ্রমণস্থল হিসেবে ধরা হয়। সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই সৈকত শহরে পর্যটকদের আনাগোনা আরও বেড়েছে। আর এবার সেই দিঘাতেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক বিশাল আকারের চিল শংকর মাছ।
মৎস্য নিলাম কেন্দ্রে ভিড়
পূর্ব মেদিনীপুরের এই শহর এমনিতেই বিভিন্ন ধরনের মাছের জন্য বিখ্যাত। আজ শুক্রবার সকালে এক মৎস্যজীবীর জালে প্রায় দুই টনের এই মাছটি ধরা পড়ে। এত বড় মাছ দেখতে স্থানীয় মানুষ এবং পর্যটকরা ভিড় জমান। মৎস্য নিলাম কেন্দ্রে মাছটিকে ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এরপর মাছটির নিলাম করা হয়।
দিঘায় এই ধরনের বিশালাকার মাছ ধরা পড়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও মৎস্যজীবীরা মাঝেমধ্যে এমন বড় মাছ ধরেছেন। তা দেখতেও ভিড় জমেছে। তবে এই দুই টনের চিল শংকর মাছ ঘিরে এদিন যে উত্তেজনা দেখা গেল, তা ছিল চোখে পড়ার মতো।





