বিয়ের ৩ মাসের মধ্যেই স্ত্রীকে গুলি করে খুন! প্রেমিকার সাথে মিলে ঘাতক স্বামীর ভয়াবহ ছক

বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে গুলি করে খুনের এক নৃশংস ঘটনা প্রকাশ্যে এল হরিয়ানার গুরুগ্রামের মানেসরে। ২৫ বছর বয়সী অঙ্কিত এবং তাঁর ৩৮ বছর বয়সী প্রেমিকা রজনী দেবীর ষড়যন্ত্রের বলি হয়েছেন ২২ বছরের ওই তরুণী। পুলিশি তদন্তে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য—সম্পর্ক টিকিয়ে রাখতে প্রেমিকার সাথে মিলে আগে থেকেই এই খুনের পরিকল্পনা করেছিল অভিযুক্ত স্বামী।
ঘটনার সূত্রপাত গত ২২ মে, যখন তরুণীর মা মানেসর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, ফেব্রুয়ারি মাসে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ সন্দেহজনক। তদন্তে নেমে পুলিশ মানেসরের একটি ঘর থেকে তরুণীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। জেরায় জানা যায়, তিন বছর ধরে রজনীর সাথে প্রেমের সম্পর্ক ছিল অঙ্কিতের। খুনের প্রায় দুই মাস আগেই উত্তরপ্রদেশ থেকে আগ্নেয়াস্ত্রটি কেনা হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন অঙ্কিত তার স্ত্রীকে রজনীর ভাড়া বাড়িতে নিয়ে যায় এবং সেখানে দুজনে মিলে তাকে গুলি করে হত্যা করে। খুনের পর তারা হরিদ্বার হয়ে নেপালে পালিয়ে যায়। দীর্ঘ এক মাস আত্মগোপনের পর ৩০ জুন ভারতে ফেরার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে। খুনের কারণ এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে আরও তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোক ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।