পুজোর আনন্দ মাটি! উৎসবের মাঝেই এই সরকারি কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য

আজ তৃতীয়া। চারিদিকে উৎসবের আমেজ, প্যান্ডেলে প্যান্ডেলে বাজছে ঢাকের আওয়াজ। ঠিক এমন সময়েই রাজ্য সরকারি কর্মীদের একাংশের জন্য এল বড় ধাক্কা। দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত হতে চলেছেন তাঁরা।
উৎসবের মরশুমে জঙ্গলমহলের বন্যপ্রাণ ও জঙ্গল সুরক্ষায় বন দফতরের কর্মীদের ছুটি বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণত পুজোর কটা দিন সকলে যখন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ উপভোগ করেন, তখন এই কর্মীরা বন ও বন্যপ্রাণের সুরক্ষায় অবিচল থাকবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর কটা দিন জঙ্গলমহলের বিভিন্ন দুর্গম এলাকায় কড়া নজরদারি চালানো হবে। নিরাপত্তার খাতিরে এবং বন্যপ্রাণ রক্ষায় ড্রোনের সাহায্য নেওয়া হবে বলেও জানা গিয়েছে। পুজোর ছুটির দিনেও যাতে জঙ্গল ও বন্যপ্রাণের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়, সেই কারণেই এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।