বিয়ের দিন পাকা, মেহেন্দি-গায়ে হলুদও শেষ! কেন স্থগিত হলো ক্রিকেটার স্মৃতি মান্ধানা-সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে?

ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সেরা তারকা এবং বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে স্থগিত হয়ে যাওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ২৩ নভেম্বর তাঁদের সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল। মেহেন্দি, গায়ে হলুদের মতো অনুষ্ঠানও হয়ে গিয়েছিল। কিন্তু চূড়ান্ত মুহূর্তে সেই বিয়ে স্থগিত হয়ে যায়।

প্রথমে শোনা গিয়েছিল, স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিয়ে স্থগিত হয়েছে। কিন্তু পরে বিভিন্ন সূত্রে দাবি করা হয়, পলাশের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্কের কথা জানাজানি হওয়ার কারণেই স্মৃতি এই কঠিন সিদ্ধান্ত নেন।

ভাইরাল গোপন চ্যাট ও মেরি ডি কোস্তা:

সোশ্যাল মিডিয়ায় পলাশ ও এক তরুণীর কথোপকথনের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। অভিযোগ, সেই তরুণীর সঙ্গে পলাশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। ওই তরুণী হলেন কোরিওগ্রাফার মেরি ডি কোস্তা, যিনি স্মৃতির বিয়ের অনুষ্ঠানের নাচের কোরিওগ্রাফিও করছিলেন বলে দাবি করা হয়েছে। কারও কারও মতে, মেরি স্মৃতির বন্ধু।

স্ক্রিনশটে কী আছে?

ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলিতে দেখা যায়, পলাশ ওই মহিলাকে একটি অভিজাত হোটেলে একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দিচ্ছেন। পলাশ ওই মহিলাকে লেখেন, “প্রেম করছি বলে কি তোমার সঙ্গে সাঁতার কাটতে পারি না!” চ্যাটে পলাশ আরও জানান, দূরত্বের কারণে স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্ক এখন আর আগের মতো নেই।

যদিও এই চ্যাটের সত্যতা কেউ স্বীকার বা অস্বীকার করেননি, তবে এই জল্পনাতেই স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক ভেঙে যাওয়ার বা স্থগিত হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।