বিয়ের আগে হবু স্ত্রীর একটাই অদ্ভুত শর্ত! ৫৩ বছর ধরে তা ভেঙেছেন ‘মিঃ ইন্ডিয়া’ অনিল কাপুর?

বলিউডের অন্যতম আদর্শ ও ঈর্ষণীয় তারকা জুটির কথা উঠলে প্রথমেই নাম আসে অনিল কাপুর এবং সুনীতা কাপুরের। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁদের সম্পর্কের রসায়ন অনুরাগীদের অনুপ্রেরণা জুগিয়ে আসছে। তবে এই দীর্ঘ ও সফল দাম্পত্য জীবনের নেপথ্যে রয়েছে এক মজার অথচ গভীর অঙ্গীকারের গল্প। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের ঠিক এই অজানা অধ্যায়টিই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন খোদ অভিনেতা।
বিয়ের আগে সুনীতার কড়া শর্ত
সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস টপ ১ পারসেন্ট’-এর সঞ্চালনা করার সময় নস্টালজিক হয়ে পড়েন অনিল কাপুর। শোয়ের এক প্রতিযোগী যখন রসিকতা করে জানান যে তিনি সংসারের একঘেয়ে নিত্যদিনের কাজ থেকে রেহাই পেতে চান, তখনই পুরনো দিনের স্মৃতিচারণ শুরু করেন অভিনেতা।
সেদিনের স্মৃতি রোমন্থন করে অনিল কাপুর জানান, বিয়ের আগেই তাঁর স্ত্রী সুনীতা তাঁর সামনে একটি পরিষ্কার ও কড়া শর্ত রেখে দিয়েছিলেন। অভিনেতা বলেন, “সুনীতা আমাকে সোজা সাপটা জানিয়ে দিয়েছিল, সে যদি আমাকে বিয়ে করে, তবে তার একটাই শর্ত থাকবে— তাকে জীবনে কোনোদিন রান্নাঘরের দায়িত্ব সামলাতে হবে না বা রান্নাঘরে ঢুকতে হবে না!”
যে শর্ত অনিলকে সফল হতে শিখিয়েছিল
তকালীন সময়ে বলিউডে নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন অনিল কাপুর। তবে হবু স্ত্রীর এই অদ্ভুত শর্ত তাঁকে এতটুকুও বিচলিত করেনি, বরং সেই শর্তই হয়ে উঠেছিল তাঁর জীবনের সবচেয়ে বড় মোটিভেশন ও অনুপ্রেরণা।
সেকথা স্বীকার করে অনিল বলেন, “ওর মুখ থেকে এই শর্ত শোনার পর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম। আমি ভেবেছিলাম, আমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং জীবনে এতখানি সফল হতে হবে, যাতে সুনীতাকে সত্যিই কোনোদিন রান্নাঘরে পা না রাখতে হয়। আমি সেই দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম।”
অভিনেতার দাবি, তাঁর সেই পরিশ্রম বৃথা যায়নি। আজ ৫৩ বছর পার হয়ে গেলেও সুনীতাকে রান্নাঘরে গিয়ে রান্নার দায়িত্ব সামলাতে হয়নি। কেরিয়ারের শুরুর দিনের সেই মজার শর্ত আজ কীভাবে তাঁদের দাম্পত্যের অন্যতম শক্ত ভিত হয়ে উঠেছে, শোয়ের মঞ্চে সেটাই হাসিমুখে শেয়ার করলেন অনিল কাপুর।