ই এম বাইপাসের বিলাসবহুল হোটেলের নাইটক্লাবে তরুণীকে আটকে রেখে শ্লীলতাহানি! শহরে চাঞ্চল্য!

ই এম বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলের নাইটক্লাবে এক তরুণীকে আটকে রেখে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। রবিবারের এই চাঞ্চল্যকর ঘটনায় শহরজুড়ে তীব্র অসন্তোষ ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খিদিরপুরের এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) ভোররাতে ই এম বাইপাস লাগোয়া ওই অভিজাত হোটেলে যান ২০ বছর বয়সি এক তরুণী। তাঁর সঙ্গে আরও ছ’থেকে আটজনের একটি দল ছিল। অভিযোগ, নাইটক্লাবের ভেতরেই অভিযুক্ত যুবক এবং তার সহযোগীরা ওই তরুণীকে জোর করে আটকে রাখেন এবং তাঁর সঙ্গে শারীরিক হেনস্থা ও অশালীন আচরণ করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।
ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপরেই তরুণীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, গুরুতর আঘাত, বেআইনিভাবে আটকে রাখা এবং অপরাধে সহায়তার মতো একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ খিদিরপুরের ২৪ বছর বয়সি মহম্মদ আজিম নামের এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনার সময় অভিযুক্তের সঙ্গে থাকা অন্য সঙ্গীদের ভূমিকা কী ছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার নিখুঁত তথ্যপ্রমাণ জোগাড় করতে ওই বিলাসবহুল হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।