বর্তমান জ্বালানি সংকট কেবল গাড়ির চাকা বা কলকারখানায় সীমাবদ্ধ নেই, তা এবার ঢুকে পড়েছে বিয়েবাড়ির হেঁশেলেও। এলপিজি সিলিন্ডারের তীব্র আকাল এবং অগ্নিমূল্যের জেরে সাধারণ মানুষের আনন্দোৎসবে কাটছাঁট করার এক গুচ্ছ পরামর্শ দিয়েছে সরকার। বিশেষ করে ক্যাটারার এবং ইভেন্ট ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন রান্নার কাজে গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে সাবেকি উপায়ে কাঠের আগুন বা কয়লার উনুন ব্যবহার করা হয়।
সরকারের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে টান পড়ার কারণে এই ব্যবস্থা সাময়িক হলেও অত্যন্ত জরুরি। পাশাপাশি, বিয়ে বা যে কোনও বড় সামাজিক অনুষ্ঠানে খাবারের পদের সংখ্যা কমানোরও পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের দাবি, মেনুতে পদের সংখ্যা যৎসামান্য রাখলে যেমন জ্বালানি বাঁচবে, তেমনই অপচয়ও রোধ করা সম্ভব হবে। বিলাসিতা কমিয়ে ‘মিনিমাম’ বা নূন্যতম পদে ভোজ সম্পন্ন করার এই বার্তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
ক্যাটারিং ব্যবসায়ীদের দাবি, কাঠের উনুনে রান্না করা যেমন সময়সাপেক্ষ, তেমনই বড় শহরের প্রেক্ষাপটে তা করা অনেক ক্ষেত্রে অসম্ভব। অন্যদিকে, বহু পরিবারই তাঁদের জীবনের বিশেষ এই দিনটিতে খাবারের পদে কাটছাঁট করতে নারাজ। সব মিলিয়ে জ্বালানি সংকটের এই প্রভাব বাঙালির আমোদ-প্রমোদে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।