বিনা পয়সার মেলা! পুজোর মুখে ১৫ হাজার বাসিন্দাকে নতুন পোশাক দিলেন বিধায়ক!

দুর্গাপূজার ঠিক আগে, বর্ধমানের বাসিন্দাদের জন্য এক ‘বিনা পয়সার মেলা’র আয়োজন করা হলো, যেখানে প্রায় ১৫ হাজার মানুষকে বিনামূল্যে নতুন পোশাক দেওয়া হয়েছে। সোমবার বর্ধমান শহরের কাঞ্চননগর রথতলা মাঠে এই উদ্যোগটি গ্রহণ করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

এই অনুষ্ঠানে বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডের আর্থিকভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের হাতে নতুন শাড়ি, ধুতি, লুঙ্গি এবং জামা-প্যান্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের সব বিধায়কই এই ধরনের সামাজিক কাজ করেন, তবে এতো বড়ো কর্মসূচি কোথাও দেখিনি।”

মানুষের পাশে বিধায়ক খোকন দাস
নতুন বস্ত্র বিতরণের পাশাপাশি বিধায়ক খোকন দাস এর আগেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তিনি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে দরিদ্র বাসিন্দাদের জন্য দু’বেলা রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি, অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষদের বাড়িতেও খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

খোকন দাস বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই আমি এই কাজ করছি। উৎসব সকলের। অনেকেই আছেন, যাদের নতুন পোশাক কেনার মতো আর্থিক সংগতি নেই। তাদের মুখে হাসি ফোটাতেই গত কয়েক বছর ধরেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।” এই উদ্যোগ এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসিত হয়েছে।