এশিয়ার ধনীতম পরিবার আম্বানিরা। পৈতৃক ব্যবসাকে নিজের মতো করে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে গিয়ে মুকেশ আম্বানি আজ বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী। কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি তাঁর বিনয়ী মনোভাবই তাঁকে এই শিখরে পৌঁছে দিয়েছে। সাধারণত মনে করা হয়, সম্পদ অহংকার নিয়ে আসে, কিন্তু মুকেশ আম্বানির ক্ষেত্রে তা সম্পূর্ণ বিপরীত। তিনি বিলাসবহুল জীবনযাত্রা থেকে নিজেকে দূরে রেখে সাধারণ রুটিন মেনে চলেন এবং পরিবারকে সময় দেন।
অহংকার নয়, বিনয়ই মূলধন: নিজের উপর প্রবল আত্মবিশ্বাস থাকলেও অহংকার থেকে বহু দূরে থাকেন মুকেশ আম্বানি। তাঁর বিশ্বাস—অহংকার নয়, বিনয়ই সাফল্যের মূলধন। তিনি অত্যন্ত সহজ-সরল পারিবারিক জীবনযাপন করেন।
লক্ষ্য স্থির করুন, বিশ্বাস রাখুন: আম্বানি মনে করেন, প্রথমে লক্ষ্য নির্ধারণ করা জরুরি, তারপরেই আসে কঠোর পরিশ্রমের পালা। পাশাপাশি তিনি দলগত কাজে বিশ্বাসী। তিনি মনে করেন, একা সাফল্য অর্জন করা যায় না, তাই টিমের উপর আস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ। রিলায়েন্সের সাফল্যের পিছনে টিমওয়ার্ককেই তিনি প্রধান চাবিকাঠি বলে মনে করেন।
ইতিবাচক চিন্তাই পথপ্রদর্শক: মুকেশ আম্বানির সাফল্যের অন্যতম মূল ভিত্তি হল ইতিবাচক ভাবনা। প্রতিটি কাজ তিনি এই ইতিবাচক মানসিকতা নিয়েই শুরু করেন। তাঁর মতে, কঠিন পরিস্থিতিতেও ভালো কিছু খুঁজে বের করার অভ্যাস তাঁকে সবসময় সঠিক পথে চালিত করেছে।
সমস্যার মূলে যান: সমস্যা এলে কখনোই ঘাবড়ে যান না এই শিল্পপতি। বরং, সমস্যার সমাধানে যাওয়ার আগে তিনি তার মূল কারণটি খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি মনে করেন, এটিই সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ। সাফল্যের এই অভ্যাস তিনি তাঁর সন্তানদের মধ্যেও সঞ্চারিত করেছেন।