ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের ভাটা কাটাতে তৎপর কেন্দ্র। হিরো মাইন্ডমাইন সামিটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানালেন, সরকারি সিকিউরিটিজে বিদেশি বিনিয়োগে কর ছাড় প্রথম পদক্ষেপ মাত্র, বিনিয়োগ টানতে অদূর ভবিষ্যতে আরও বড় সংস্কারের পথে হাঁটছে সরকার।
চলতি জুনের প্রথমার্ধেই এনএসডিএল (NSDL)-এর তথ্য অনুযায়ী, বিদেশি পোর্টফোলিও ইনভেস্টররা (FPI) ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় ৬২,৮৫৩ কোটি টাকা তুলে নিয়েছেন। ২০২৬ সালে এখন পর্যন্ত মোট বহির্গমন ২.৮৭ লক্ষ কোটি টাকা, যা গত বছরের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। এই পরিস্থিতিতে লগ্নিকারীদের আস্থা ফেরাতে আরবিআই-এর সহায়তায় বৈদেশিক মুদ্রা অদলবদল সুবিধা বা কারেন্সি সোয়াপ-এর মতো পদক্ষেপ নিয়েছে সরকার। পাবলিক সেক্টর কোম্পানিগুলোকে বিদেশি বাণিজ্যিক ঋণ বা ইসিবি (ECB) সংগ্রহের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যার ঝুঁকি বহন করবে খোদ রিজার্ভ ব্যাংক।
অর্থমন্ত্রীর মতে, অপরিশোধিত তেল ও সারের আমদানির কারণে ভারতীয় অর্থনীতি এখন চাপের মুখে। তবে বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মোকাবিলায় ভারত সবসময় প্রস্তুত। অর্থমন্ত্রীর এই আশাবাদী বার্তা বাজারের অস্থিরতা কাটাতে এবং দীর্ঘমেয়াদে বিদেশি মূলধন প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।





