বিদায় বেলায় ফের বাড়বে গরম! পুজোর আগে কি ভ্যাপসা গরমে কষ্ট বাড়বে বাংলায়? জানুন আবহাওয়ার আপডেট

রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এখনই পুরোপুরি কাটছে না অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশে ইতিমধ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী দুদিনের মধ্যে সেখান থেকে বর্ষা বিদায় নিতে পারে। তবে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং অসমে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার কারণে বাংলায় বর্ষার বিদায় কিছুটা বিলম্বিত হতে পারে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে নির্ধারিত সময়েই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার উপকূলের কয়েকটি জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশে বিক্ষিপ্তভাবে মেঘের দেখা মিললেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ ভালোই ভোগাবে। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবারের মধ্যে দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় মাঝারি থেকে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে সেখানেও বৃষ্টির পরিমাণ কমবে।
গত শুক্রবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল, যার ফলে গুমোট গরমে অস্বস্তি বজায় রয়েছে। শনি ও রবিবারেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।