কেরলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে নজির গড়ল ১০ মাসের শিশুকন্যা আলিন শেরিন। গত ৫ ফেব্রুয়ারি একটি ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। দীর্ঘ লড়াইয়ের পর গত বৃহস্পতিবার চিকিৎসকেরা তাকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করেন। শোকাতুর বাবা-মা নিজেদের একরত্তি সন্তানের অঙ্গদানের যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তাকে কুর্নিশ জানাতে আলিনকে রাজকীয় ‘গার্ড অফ অনার’ দিয়ে শ্রদ্ধা জানাল কেরল পুলিশ।
আলিনের দান করা লিভার প্রতিস্থাপিত হয়েছে তিরুঅনন্তপুরমের মাত্র ৬ মাসের এক শিশুর শরীরে। তার কিডনি পেয়েছে ১০ বছর বয়সী এক কিশোর এবং হার্টের ভাল্ব ও চোখ দুটিও দান করা হয়েছে অন্য শিশুদের প্রাণ বাঁচাতে ও দৃষ্টি ফেরাতে। উপস্থিত ছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরাও। নিজের অকাল মৃত্যুর মধ্য দিয়েও একাধিক শিশুকে নতুন জীবন দিয়ে অনন্য উদাহরণ তৈরি করে গেল ছোট্ট আলিন।