বিজেপি বাংলা-বিরোধী” – রবীন্দ্রনাথের ছবি পায়ের নীচে রাখার অভিযোগে সরব তৃণমূল

রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি পায়ের নীচে রাখার অভিযোগে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি একটি জনসভার ছবি সামনে এনে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে বাংলার মনিষীদের অপমান করছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জনসভার মঞ্চে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের ছবি মাটিতে রাখা হয়েছে। এই ছবি দেখিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, “ভাগ্যিস লাথি মারেনি।”

একইভাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, বিজেপি বাংলার মণীষীদের সম্মান দেয় না এবং এটি তাদের বাংলা-বিরোধী মনোভাবের প্রকাশ। তৃণমূলের পক্ষ থেকে এক্স-এ (আগের টুইটার) পোস্ট করে বলা হয়েছে, “দিল্লির প্রভুদের তৈল মর্দনে এতই ব্যস্ত যে নিজেদের বাংলার ঐতিহ্যকে পর্যন্ত পরিত্যাগ করছে।” পোস্টে আরও লেখা হয়, “মোদী-শাহের লক্ষাধিক ছবিও বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, মনিষীদের ঢেকে ফেলতে পারবে না।”

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর এক বিক্ষোভে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। চাঁচল কলেজের এই ঘটনায় জড়িত টিএমসিপি নেতাকে দল থেকে বহিষ্কার এবং পরে গ্রেফতার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপির বিরুদ্ধে মণীষীদের অপমানের অভিযোগ তুলল তৃণমূল, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।