বিজেপি থেকে তৃণমূলে, আবার বিজেপিতে! এক সপ্তাহের মধ্যে কেন দলবদলু ফিরলেন?

বাঁকুড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়ে ফের বিজেপিতে ফিরে এলেন একজন দলবদলু পঞ্চায়েত সদস্য। এই মাসের শুরুতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তিন পঞ্চায়েত সদস্যের সবাই এখন আবার গেরুয়া শিবিরে ফিরেছেন।

সর্বশেষ ঘটনায়, ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তারাপদ পাল মঙ্গলবার বিজেপিতে ফিরে এসেছেন। ফেরার পর বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার গায়ে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করে তাকে দলে বরণ করে নেন।

চাকরি ও চাপের অভিযোগ

গত ১১ সেপ্টেম্বর তারাপদ পাল তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে তার দাবি, তাকে ভুল বুঝিয়ে এবং চাকরির প্রলোভন দেখিয়ে তৃণমূলে যেতে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, “এখন ভুল বুঝে ফেরত এসেছি।”

বিজেপি বিধায়ক অমরনাথ শাখা অভিযোগ করেন, তৃণমূল ‘নিরীহ’ মানুষদের লোভ দেখিয়ে দলে টেনে নেয়। তিনি আরও বলেন, “ওরা আসলে বিজেপিই করে। এখন তো ঝাড়ফুঁকের যুগ, তাই ব্রাহ্মণের ছেলে হয়ে একেবারে গঙ্গাজল ছিটিয়ে ঘরে ফেরালাম।”

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, দলবদলু ওই পঞ্চায়েত সদস্যকে প্রবল চাপ দিয়ে বিজেপিতে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

এর আগে, চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের গণেশ মল্ল তৃণমূলে যোগদানের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপিতে ফিরে যান। এরপর সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের শ্যামলী লোহারও ১৫ সেপ্টেম্বর বিজেপিতে যোগ দেন।