২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বিজেপির নির্বাচনী ‘সঙ্কল্পপত্র’ প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে মহিলা ভোটার এবং বেকার যুবক-যুবতীদের মন জয়ে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির।
মহিলাদের জন্য বিরাট সংরক্ষণ: বিজেপির সঙ্কল্পপত্রের সবচেয়ে বড় হাইলাইট হলো— রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বর্তমানে রাজ্যে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে যে বিতর্ক চলছে, তার পাল্টা হিসেবেই এই মেগা ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল।
বেকারদের জন্য ‘পরীক্ষা ভাতা’: কেবল চাকরি নয়, চাকরিপ্রার্থীদের জন্যও পকেট-ফ্রেন্ডলি পরিকল্পনার কথা জানিয়েছে বিজেপি। সঙ্কল্পপত্র অনুযায়ী, রাজ্যের বেকার যুবক-যুবতীরা যখনই কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসবেন, যাতায়াত এবং আনুষঙ্গিক খরচের জন্য তাঁদের নির্দিষ্ট পরিমাণ ‘থোক টাকা’ দেওয়া হবে। এর ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা অনেক বেশি স্বস্তি পাবেন।
চাকরির বাজারে বড় বদলের ইঙ্গিত: বিজেপি নেতৃত্বের দাবি, গত কয়েক বছরে বাংলায় নিয়োগ প্রক্রিয়ায় যে স্থবিরতা দেখা দিয়েছে, তা কাটাতে এই পদক্ষেপগুলি বৈপ্লবিক ভূমিকা নেবে। স্বচ্ছ নিয়োগের পাশাপাশি যুব সমাজকে আর্থিক নিরাপত্তা দেওয়াই তাঁদের লক্ষ্য।
এখন দেখার, বিজেপির এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বনাম ‘চাকরি ও ভাতা’র লড়াইয়ে শেষ হাসি কে হাসে।





