বিজেপি ছেড়ে তৃণমূলে শতাধিক! তৃণমূলের বিজয়া সম্মিলনীতে যোগদান পর্ব, আর কী কী বার্তা দিল ঝাড়গ্রামের জেলা নেতৃত্ব?

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে রাজ্য রাজনীতিতে এর আঁচ ক্রমশ বাড়ছে। এই আবহে ঝাড়গ্রাম জেলায় বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। রবিবার নয়াগ্রামের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই ঘটনা আসন্ন ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের মনোবল আরও বৃদ্ধি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে তৃণমূলের ব্লকস্তরীয় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকেই বিজেপির শতাধিক কর্মী-সমর্থক জোড়াফুল শিবিরে নাম লেখান।

নেতৃত্বের উপস্থিতিতে যোগদান পর্ব:
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

বিজয়া সম্মিলনীর এই মঞ্চ থেকেই তৃণমূল নেতৃত্ব দলবদল করা শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাঁদের স্বাগত জানান। এই যোগদানের ফলে নয়াগ্রাম-সহ ঝাড়গ্রামের রাজনীতিতে তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে বলে মনে করছে স্থানীয় নেতৃত্ব।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। শতাধিক বিজেপি কর্মীর যোগদান সেই তৎপরতারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।