আলিপুরদুয়ার জেলার মহাকালগুড়ি অঞ্চলের বালুবাড়ী গ্রামে ‘বাংলার বাড়ি’ প্রকল্প ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। গ্রামের বাসিন্দা জয়া রায়ের অভিযোগ, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও তালিকা থেকে রহস্যজনকভাবে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। জয়ার দাবি, তিনি বিজেপি সমর্থক হওয়াতেই তাঁকে ঘর থেকে বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি খালের বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁকে শাসকদলের রোষানলে পড়তে হয়েছে বলে তাঁর অভিযোগ।
এই ঘটনার খবর পেয়েই জয়া রায়ের বাড়িতে পৌঁছান স্থানীয় বিজেপি নেতা বিজয় দেবনাথ। তিনি সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে দাবি করেন, এলাকায় অন্তত ২৫-৩০ জন প্রতিবাদী মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজয়বাবুর চ্যালেঞ্জ, যাঁদের পাকা বাড়ি আছে তাঁদের নাম তালিকায় থাকলেও প্রকৃত গরিবরা বঞ্চিত। এর সুরাহা না হলে ডিএম অফিস অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
পাল্টা জবাবে মহাকালগুড়ি অঞ্চলের উপপ্রধান মদন দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেন। আমাদের এলাকায় বেশিরভাগ বিজেপি সমর্থকই ঘর পেয়েছেন।” জয়া রায়ের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলেও বিজেপির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে কটাক্ষ করেছেন তিনি। ভোটের মুখে এই ‘ঘর-রাজনীতি’ এখন আলিপুরদুয়ারের প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।