আসন্ন নির্বাচনের আগে ঘর গুছিয়ে নিতে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে নাম লেখালেন এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন এই তারকা অ্যাথলিট।
জলপাইগুড়ির এক সাধারণ রাজবংশী পরিবার থেকে উঠে এসে বিশ্বজয় করা স্বপ্নার রাজনীতিতে যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যোগদানের পর স্বপ্না জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে মানুষের জন্য এবং ক্রীড়া জগতের মানোন্নয়নে তৃণমূলের হয়ে কাজ করতে চান তিনি।
স্বপ্নাকে স্বাগত জানাতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মন্ত্রী ব্রাত্য বসু। দিল্লির কুস্তিগিরদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিজেপি নারী ও ক্রীড়াবিদদের সম্মান করতে জানে না। সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের অপমান করা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সবসময় খেলোয়াড়দের মর্যাদা দেয়।” চন্দ্রিমা ভট্টাচার্য স্বপ্নার জীবন সংগ্রামকে কুর্নিশ জানিয়ে বলেন, খেলাধুলার শৃঙ্খলা এবার সমাজসেবার কাজে লাগাবেন স্বপ্না।