পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সরডাঙ্গা গ্রামে এখন শুধু কুলের লাল-সবুজ আভা। এ বছর বাও কুল, ভারত সুন্দরী এবং তাইওয়ান কুলের ফলন ও দাম—দুটোই রেকর্ড ভেঙেছে। স্থানীয় বাজারে বল কুল কেজি প্রতি ৩২-৩৫ টাকায় বিক্রি হলেও, ভারত সুন্দরী ও বাও কুলের দর উঠেছে ৪০ টাকা পর্যন্ত। খুশির খবর হলো, এই গ্রাম থেকে এখন প্রতিদিন ট্রাক বোঝাই কুল পাড়ি দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায়।
চাষি মৃত্যুঞ্জয় দাস ও পরিমল দাসেরা জানালেন, এক বিঘা জমিতে কুল চাষ করে বছরে হেসেখেলে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ করা সম্ভব। ধান চাষের তুলনায় এতে পরিশ্রম কম এবং মুনাফা অনেক বেশি। প্রথম বছর বিঘা প্রতি ৩০-৩৫ হাজার টাকা খরচ হলেও পরের বছর থেকে খরচ কমে যায় এবং লাভ বাড়তে থাকে। বিঘা প্রতি প্রায় ৫০-৬০ কুইন্টাল ফলন হওয়ায় এখন সরডাঙ্গা গ্রামের কৃষকদের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে এই কুল চাষ।