বিখ্যাত রেস্তোরাঁ ও কেক কোম্পানির খাবারে মানুষের দাঁত! রহস্যময় দাঁতগুলো এল কোথা থেকে? খাদ্য সুরক্ষা নিয়ে আতঙ্ক

খাবার কিনে খেতে গিয়ে আঁতকে উঠলেন গ্রাহকরা! মাত্র দুই দিনের মধ্যে চীনের তিনটি ভিন্ন ভিন্ন শহরের নামী সংস্থার তৈরি খাবারে মানুষের দাঁত (Human Teeth) উদ্ধারের ঘটনায় দেশজুড়ে খাদ্য সুরক্ষা নিয়ে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই দাঁতগুলো খাবারের মধ্যে এল কীভাবে, তা নিয়ে সংস্থাগুলোও কোনো উত্তর দিতে পারছে না।
সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত এই ঘটনাগুলি প্রশাসনকেও নাড়িয়ে দিয়েছে।
কোথায় কী পাওয়া গেল?
এই চাঞ্চল্যকর দাঁত-কাণ্ডের ঘটনাগুলি ঘটেছে চীনের তিনটি প্রধান শহরে:
১. সসেজে ৩টি দাঁত (জিলিন প্রদেশ): এক ব্যক্তি একটি রেস্তোরাঁর আউটলেট থেকে সসেজ কিনেছিলেন। কিন্তু খেতে গিয়ে কার্যত বমি করে ফেলেন তিনি। কারণ, সসেজটির মধ্যে পাওয়া যায় ৩টি মানুষের দাঁত।
২. ডিম সাম-এ ২টি দাঁত (ডংগুয়ান শহর): অন্য এক শহরের এক মহিলা তাঁর বাবার জন্য একটি সুপরিচিত ফুড চেন সংস্থার আউটলেট থেকে ডিম সাম কিনেছিলেন। বৃদ্ধ সেটি খেতে গিয়ে তার মধ্যে থেকে ২টি মানুষের দাঁত পান।
৩. কেকে স্ক্রু লাগানো দাঁত (সাংহাই): এই ঘটনাটি ঘটেছে দেশের বিখ্যাত এক কেক প্রস্তুতকারী সংস্থার দোকানে। সন্তানের জন্য কেক কিনেছিলেন এক মহিলা। কেক খাওয়াতে গিয়ে তিনি তার মধ্যে থেকে একটি দাঁত পান। সেই দাঁতে আবার স্ক্রু লাগানো ছিল। মহিলার ধারণা, এটি একটি নকল দাঁত ছিল।
তদন্ত শুরু, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই তিনটি ঘটনাতেই সংস্থাগুলো আলাদা, তাদের তৈরি খাবারও ভিন্ন। অথচ মাত্র ২ দিনের মধ্যে ৩টি জায়গার ৩ ধরনের খাবার থেকে মানুষের দাঁত উদ্ধার হয়েছে।
৩ ক্ষেত্রেই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই দাঁতগুলো তাদের খাবারে কীভাবে এল, তা তারাও বুঝে উঠতে পারছেন না। এই ঘটনা সামনে আসার পর চীনে খাদ্য সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বাইরের খাবার কিনতে দ্বিধা বোধ করছেন।
মানুষের দাঁত এভাবে খাবারের মধ্যে আসছে কোথা থেকে—তা জানতে এখন উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে চীন প্রশাসন।