সোশাল মিডিয়া বন্ধ করায় নেপালে উত্তাল বিক্ষোভ, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে রণক্ষেত্র এলাকা
নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। নিজেকে ‘জেনারেল-জেড’ বলে দাবি করা তরুণ প্রজন্মের প্রতিবাদকারীরা প্রায় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে।
বিক্ষোভকারীরা কাঠমান্ডুর নতুন বানেশ্বরে অবস্থিত সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে গেট পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সংসদ ভবনসহ আশেপাশের এলাকায় কারফিউ জারি করেছে।
বিক্ষোভটি প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও দ্রুত সহিংস রূপ নেয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সকালের দিকে বিক্ষোভকারীরা প্রধান প্রশাসনিক কেন্দ্র সিংহ দরবারের কাছে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে এগোতে থাকে। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী প্রথমে কাঁদানে গ্যাসের শেল, জলকামান এবং পরে রাবার বুলেটও ব্যবহার করে। এমনকি আকাশ থেকেও গুলি চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত নতুন বানেশ্বর এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।
কাঠমান্ডু জেলা প্রশাসন অফিসের মুখপাত্র মুক্তি রাম রিজাল জানিয়েছেন, নতুন বানেশ্বর এবং প্রধানমন্ত্রীর বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।